স্টাফ রিপোর্টার
রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, হত্যাচেষ্টা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হামলা, মারধর, হত্যাচেষ্টা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. শাইস্তা মিয়া (৫৭)। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রাজনগর উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাউবাড়ী গ্রামের বাসিন্দা শাইস্তা মিয়া। তিনি মৃত কদর আলীর ছেলে। লিখিত ব
ক্তব্যে শাইস্তা মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিপক্ষের হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ১১ নভেম্বর ২০২৬, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা তৈরির সময় পূর্ববিরোধের জেরে ছায়েদ আলী (৫৫), জুনেল মিয়া (৩২), বুধ মিয়া ওরফে নুর (৩০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা লোহার রড, দা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর বাম হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। শাইস্তা মিয়ার বলেন, তাঁকে রক্ষা করতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন তাঁকে প্রাণে মেরে ফেলার নির্দেশ দেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর স্ত্রীর গলায় থাকা আনুমানিক এক লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তাঁদের চিৎকার শুনে আশপাশের কনাই মিয়া, ছালেক মিয়া, শামীম মিয়া ও হেপী বেগম ঘটনাস্থলে এগিয়ে আসেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এ সময় হামলাকারীরা মামলা-মোকদ্দমা করলে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাইস্তা মিয়া ও তাঁর স্ত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শাইস্তা মিয়া বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৬, তারিখ ১৩ নভেম্বর ২০২৬। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, পুলিশ সুপার, রাজনগর থানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পরিবারের জানমালের নিরাপত্তা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শাইস্তা মিয়া বলেন, “আমি কোনো প্রতিহিংসা চাই না, আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই। আমার পরিবার যেন নিরাপদে বসবাস করতে পারে, প্রশাসনের কাছে এটাই আমার প্রত্যাশা।”

