প্রতিবেদক: তারফদার মামুন
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবে পৌর কর্মচারীদের প্রতীকী অনশন
মৌলভীবাজার প্রতিনিধি: নবম (৯ম) পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দাবি আদায় ঐক্য পরিষদ, ১১-২০ গ্রেড ফোরাম এবং বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (রেজিঃ নং-বি ২২৩৫)-এর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে
এম নূরুজ্জামান, ১১-২০ গ্রেড ফোরামের সভাপতি দীন ইসলাম, এছাড়াও সুমন দোসাদ, শেখ সামছুজজামান আহমদ, নজমুল ইসলাম, ধনঞ্জয় দেব, কবির উদ্দিন আহমেদ, মো. মনির মিয়া, ফরহাদ আলম চৌধুরী ও ফয়েজ আহমদসহ আরও অনেকে। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত বেতনে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ ১১ বছর ধরে বঞ্চিত থাকা প্রায় ২২ লাখ কর্মচারীর জন্য বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার জোর দাবি জানান তারা। তারা আরও উল্লেখ করেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। এ নির্বাচনে ২২ লাখ কর্মচারী বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করতে আগ্রহী, তাই তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া উচিত। দাবি বাস্তবায়ন না হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অনশনকারীরা দুঃখ প্রকাশ করে বলেন, বৈষম্যহীন সরকার থাকার পরও তাদেরকে রাস্তায় নামতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। পাশাপাশি তারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানান—যেন তাদের যৌক্তিক দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

