প্রতিবেদক: কায়কোবাদ
২৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় মেহজাবীন ও তার ভাই অব্যাহতি
২৭ লাখ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করে মামলাটি নথিজাত করেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, আদালতে দাখিল করা জবাবে বলা হয়েছে—মামলার অভিযোগ সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। বাদীর সঙ্গে মেহজাবীন বা তাঁর ভাইয়ের কোনো সাক্ষাৎ হয়নি এবং হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযো
গও সত্য নয়। আদালত অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা না পেয়ে তাঁদের অব্যাহতি দেন। শুনানির দিন মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ১৬ নভেম্বর তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছিল। মামলার অভিযোগে বাদী আমিরুল ইসলাম দাবি করেন, মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাসে তিনি বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা দেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করা হয় এবং এক পর্যায়ে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

