জাগ্রত বার্তা প্রতিবেদক
হাইকোর্টের আদেশ কার্যকর হয়নি এখনো: প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের পুনর্বহাল দাবি
মৌলভীবীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম-কে পদে পুনর্বহাল ও বরখাস্তাদেশ স্থগিত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। এ সংক্রান্ত প্রশাসনিক দেরি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি সামনে আসে সিনিয়র অ্যাডভোকেট এম. খালেদ আহমেদ (পিএইচডি) প্রেরিত একটি সতর্কতামূলক আইনি নোটিশের মাধ্যমে। আইনি নোটিশে উল্লেখ করা হয়, রাশেদা বেগম দেওয়ানি পুনর্বিবেচনা মামলা নং ৪৩৯৩/২০২৫-এর আবেদনকারী। ওই মামলায় মৌলভীবাজারের মাননীয় সিনিয়
র জেলা জজ ২০২৫ সালের ৪ আগস্ট রায় প্রদান করেন, যা এর আগে ২৫ মে ২০২৫ তারিখে সিনিয়র সহকারী জজ কর্তৃক প্রদত্ত আদেশ বহাল রাখে। পরবর্তীতে হাইকোর্ট বিভাগের মাননীয় বেঞ্চ (বিচারপতি এ. কে. এম. রবিউল হাসান) ১৯ অক্টোবর ২০২৫ তারিখে রুল জারি করেন। আদেশে বলা হয়, পূর্বের রায় ও আদেশ বাতিল করা হবে না এবং দেওয়ানি কার্যবিধির ৩৯(১) বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যানের আদেশও বহাল থাকবে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগ ১৭ জুলাই ২০২৫ তারিখে জারিকৃত বরখাস্তাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখেন। আইনি প্রক্রিয়ার আলোকে, আদালতের এ আদেশ কার্যকর থাকা অবস্থায় প্রধান শিক্ষিকাকে পূর্বপদে পুনর্বহাল করা এবং বরখাস্তাদেশ স্থগিত রাখা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয় নোটিশে। আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আদালতের আদেশ প্রতিপালন করে লিখিতভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারিকৃত নোটিশও এ সময়ের মধ্যে কার্যকরযোগ্য নয়। উল্লেখ্য, আইনি নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক–১), হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার সদর শাখার ব্যবস্থাপক বরাবর।

