প্রতিবেদক: তারফদার মামুন
বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর
মোঃ কামরুল ইসলাম | রাঙামাটি জেলা প্রতিনিধি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় একটি ব্যাডমিন্টন কক বিদ্যুতের ঝুলে থাকা তারে আটকে যায়। পরে ককটি নামানোর চেষ্টা করতে গিয়ে কিশোরটি একটি লোহার রড দিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আহত কিশোরকে তাৎক্ষণিকভাবে পরিবা
রের সদস্যরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত কিশোরের পরিচয় জানা গেছে—সে রাঙামাটি পার্বত্য জেলার রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকার বাসিন্দা সুজিত দাসের পুত্র দুর্জয় দাস (১২)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঝুলে থাকা ও ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার দ্রুত সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

