মৌলভীবাজার প্রতিনিধি
রাতের আঁধারে বালু লুট: কমলগঞ্জে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লা-ঘাটা ছড়া (প্রকাশিত কালাছড়া), সুনছড়া ও কালিছালি এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় কিছু রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তির নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের দিকে, যারা প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ডায়না গাড়ির মাধ্যমে বালু পরিবহন করছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগে উঠে এসেছে, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, যুবদল সংশ্লিষ্ট জি
লন আহমদ এবং ছাত্রদল নেতা রাফাত বখ্শের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এলাকাবাসী দুটি বালুভর্তি ডায়না গাড়ি আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বৈধতা সংক্রান্ত প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এলাকাবাসীর প্রশ্ন—যদি বালু উত্তোলন বৈধ হয়, তবে কেন প্রতিদিন রাতে গোপনে ১০-১২টি ট্রিপ দেওয়া হচ্ছে? তারা আরও অভিযোগ করেন, গাড়ি আটকানোর পর সংশ্লিষ্টরা উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানির চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এলাকা মফস্বল ও আবাদি হওয়ায় দিনের বেলায় ভারী যানবাহনের চলাচল খুবই সীমিত। এই সুযোগে রাতের অন্ধকারে গোপনে বালু পরিবহন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়েরসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের নিকটও দাবি জানানো হয়েছে—অভিযুক্তদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এখন দেখার বিষয়—প্রশাসন কত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয় এবং বন্ধ হয় কি না এই রাতের অন্ধকারে চলা বালু বাণিজ্য।

