মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে ঝুঁকিপূর্ণ গর্তে দুর্ঘটনা — প্রশ্নের মুখে কর্তৃপক্ষ
মৌলভীবাজার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চৌমুহনা পয়েন্টে সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া একটি বড় গর্ত এখন সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক বয়স্ক নারী। জানা যায়, রাতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধা অটোরিকশায় করে যাচ্ছিলেন। চৌমুহনা পয়েন্টে পৌঁছালে হঠাৎ অটোরিকশার চাকা সড়কের মাঝখানে থাকা গভীর গর্তে পড়ে যায়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং দাঁতের মাড়িসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ঘটনাটি স্থানীয়দের মাঝে উদ্বে
গ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের এই অংশে উন্নয়ন বা সংস্কার কাজ শুরু হলেও তা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন হাজারো মানুষ এবং অসংখ্য যানবাহন এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রাতে গর্তটি স্পষ্টভাবে বোঝা যায় না, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এর পাশাপাশি সৃষ্টি হচ্ছে অতিরিক্ত যানজট, যা নগরবাসীর দৈনন্দিন চলাচলকে আরও দুর্বিষহ করে তুলছে। প্রশ্ন উঠছে— এই ব্যস্ত সড়কের মাঝখানে এত বড় গর্ত দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও কেন তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি? উন্নয়ন কাজ যদি মানুষের সুবিধার জন্য হয়, তবে তা অর্ধেক রেখে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে কেন? প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করা এই গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তার দায়িত্ব কার? এলজিডি, সড়ক ও জনপদ বিভাগ কিংবা পৌর প্রশাসনের নজরে কি বিষয়টি এখনও আসেনি? নাকি দেখেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এমন অব্যবস্থাপনার কারণে যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ভার কে নেবে—এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সচেতন নাগরিক সমাজ অবিলম্বে এলজিডি, সড়ক ও জনপদ বিভাগ এবং পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই ঝুঁকিপূর্ণ গর্তটি সংস্কার ও সড়কটি নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন। কারণ একটি ছোট অবহেলা কখনও কখনও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

