প্রতিবেদক: কায়কোবাদ
চঞ্চল চৌধুরীর সাথে জুটি বাঁধছেন পরীমনি
এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমনি এবং সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যরা। দীর্ঘদিনের এক সুপ্ত বাসনা
পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমনি। তিনি জানান, অনেক দিন ধরেই রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করছিলেন। তার ভাষ্য, অনেকেই তাকে জিজ্ঞেস করতেন পছন্দের চরিত্র কী। তখন তিনি সব সময় বলতেন, রবীন্দ্রনাথের কোনো একটি চরিত্রে কাজ করতে চান। ‘শাস্তি’র চন্দরা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন এবং এই চরিত্রটি মনোযোগ দিয়ে সুন্দরভাবে শেষ করতে চান বলে জানান। নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও কাজের ধরন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরীমনির মতে, ইদানীং তিনি যে ধরনের কাজ করছেন, সেখানে প্রথাগত নায়িকা ইমেজের বাইরে বেরিয়ে আসার চেষ্টা রয়েছে। তিনি বলেন, শুধু বাণিজ্যিক সিনেমা বা নাচনির্ভর চরিত্রে সীমাবদ্ধ থাকলে একজন শিল্পীর আত্মতৃপ্তি আসে না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ এবং শক্ত চরিত্রই তিনি করতে চান। তার বিশ্বাস, ‘শাস্তি’ সিনেমার চন্দরা চরিত্রটি তাকে সেই তৃপ্তি দেবে। এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, অনেক সময় নায়ককেন্দ্রিক কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তবে সব বাধা পেরিয়ে এখন তিনি শুধু ভালো কাজের দিকেই মনোযোগী থাকতে চান। সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রে পরীমনি ও চঞ্চল চৌধুরীর জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

