মৌলভীবাজার প্রতিনিধি
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্বোধনে মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কার্যক্রম শুরু
মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া কাটাগাং খালের পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি, সেচব্যবস্থা ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কাটাগাং এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলার পুলিশ সুপার, বিএডিসি’র প্রধান প্রকৌশলী (সেচ) সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উদ্বোধনের পরপরই আনুষ্ঠানিকভাবে কাটাগাং খালের খনন কাজ শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে পড়া খাল-নদী পুনঃখননের মাধ্যমে এলাকার সেচব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের আওতায় প্রায় ৩.৮ কিলোমিটার দীর্ঘ কাটাগাং খাল পুনঃখনন করা হবে। এর ফলে খালের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। স্থানীয় কৃষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। উল্লেখ্য, একই দিনে দেশের বিভিন্ন জেলায় একযোগে নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারের এই বৃহৎ কর্মসূচি পানি ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

