স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলে রিসোর্টে যাওয়ার পথে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলা, অস্ত্র হাতে ধাওয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় নেতাকে ধাওয়া ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকায় টমটমে করে স্ত্রীসহ বালিশিরা রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবউল ইসলাম। রাধানগর এলাকায় পৌঁছাতেই একদল যুবক তাদের পথরোধ
করে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, প্রথমে এক যুবক কুশল বিনিময়ের ভঙ্গিতে এগিয়ে আসে। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং হাসিবউলকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় হাসিবউল দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। সাথে থাকা নারীকেও ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। কার বিরুদ্ধে অভিযোগ এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরও ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাবিবের নেতৃত্বেই ওই হামলার চেষ্টা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন, ঘটনাটি ছাত্রলীগের লোকজনই ঘটিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এনসিপির বক্তব্য এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবউল ইসলাম স্ত্রীসহ বালিশিরা রিসোর্টে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাধানগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতা ও খালিক মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিবসহ আরও ৪/৫ জন তাদের ওপর ছুরিকাঘাতের চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। হাসপাতালে চিকিৎসার তথ্য মেলেনি এ ঘটনায় হাসিবউল আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অর্নিবান দাস জানিয়েছেন, হাসিবউল নামে কেউ সেখানে চিকিৎসা নিতে আসেননি। পুলিশের বক্তব্য শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অজ্ঞাত সূত্রে পাওয়া হাসিবউলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এলাকায় প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শ্রীমঙ্গলে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করছেন। এদিকে উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার আওয়ামী লীগের দেশব্যাপী কথিত ধর্মঘট ডাকা হয়েছিল। ওইদিন নাশকতা ঠেকাতে পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন। পাহাড়ি এলাকা হওয়ায় সেই সুযোগ দুর্বৃত্তরা কাজে লাগিয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্নও উঠেছে এনসিপির ওই নেতা ওই এলাকায় রয়েছেন, এটা আগে থেকে ছাত্রলীগের নেতারা কিভাবে জানতে পারলেন?

