স্টাফ রিপোর্টার
স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিতে চায় মৌলভীবাজার জামায়াত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রার্থীদের নিয়ে নির্বাচনী দায়িত্বশীল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা পর্যন্ত স্থানীয় সরকারের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ভোটারদের কাছে দ্রুত পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে জেলা জামায়াতের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং
জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল টিমের সদস্য ও বিভাগীয় নির্বাচনী দায়িত্বশীল হাফেজ আব্দুল হাই হারুন। বৈঠকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি দলীয় নির্বাচনী দায়িত্বশীলরা অংশ নেন। বৈঠকে জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আজিম উদ্দিন; বড়লেখা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোহাইমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাহেলা বেগম; কুলাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুনতাজিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা বেগম রেখা; রাজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাইয়ান শাহিন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আহমদ মুহিত; মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ফখরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দেওয়ান শরীফা চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান, কুলাউড়া পৌরসভা মেয়র প্রার্থী মো. জাকির হোসেন এবং কমলগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর বৈঠকে অংশ নেন। অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য এবং পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেন। একই সঙ্গে প্রত্যেক প্রার্থীকে দ্রুত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যোগাযোগ বাড়ানো এবং জনসম্পৃক্ততা জোরদার করার পরামর্শ দেন তিনি। সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের উন্মুক্ত রাজনৈতিক ময়দানে জনগণ প্রতিটি স্তরে নতুন নেতৃত্বের অপেক্ষায় আছে। আমরা বারবার জনগণের কাছে পৌঁছাতে পারলে শেষ পর্যন্ত জনগণ আমাদের নেতৃত্ব গ্রহণ করবে, ইনশাআল্লাহ।” বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, প্রার্থী পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

