তানোর (রাজশাহী) প্রতিনিধি:
তানোরে স্কুলছাত্রীকে দিনদুপুরে অপহরণ: সাকিবসহ ৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার
রাজশাহীর তানোরে দশম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকা স্কুলছাত্রীকে (১৪ বছর ১০ মাস) উত্যক্ত করা ও পরবর্তীতে জোরপূর্বক অপহরণের অভিযোগে চারজন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। অপহৃত ছাত্রীর পিতা মোঃ রাকিবুল ইসলাম (৪২) বাদী হয়ে এই এজাহারটি দায়ের করেন। এজাহারে অভিযুক্ত ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুপুর চালকিপাড়া গ্রামের মোঃ সাকিবের (১৮) এবং তার পিতা মোঃ নজরুল ইসলাম (৬০)। এছাড়া অন্য দুই অভিযুক্ত হলেন সাকিবের দুলাভাই মো
ঃ রবিউল ইসলাম (৩৫) ও বোন মোসাঃ নাজরিন (২৮), যারা তানোরের কলমা গ্রামের বাসিন্দা। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীটি স্থানীয় কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রধান অভিযুক্ত মোঃ সাকিব তানোরের কলমা গ্রামে তার বোন ও দুলাভাইয়ের বাড়িতে থেকে স্থানীয় স্কুলে পড়াশোনা করত। স্কুলে যাওয়া-আসার পথে সাকিব প্রায়শই ওই ছাত্রীকে উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার সাকিবসহ তার আত্মীয়দের উত্যক্ত না করার জন্য নিষেধ করে। কিন্তু অভিযুক্তরা তাতে কোনো কর্ণপাত করেনি। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় তানোরের ১নং কলমা ইউনিয়নের কলমা গ্রামস্থ জনৈক মোঃ তায়েজ উদ্দিনের বসতবাড়ির পূর্ব পার্শ্বের পাকা রাস্তার ওপর থেকে সাকিব ও তার সহযোগীরা মাইক্রোবাসযোগে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ও জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তানোরের কলমা গ্রামের মোঃ মাইনুল ইসলাম (৪৮) ও মোঃ মুনসুর রহমান (৫৫)-সহ স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রীর বাবা মোঃ রাকিবুল ইসলাম জানান, মেয়েকে নানা স্থানে খোঁজাখুঁজি ও উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তারা দ্রুত মেয়েকে উদ্ধার এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তানোর থানা সূত্রে জানা গেছে, প্রাপ্ত এজাহারের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আসামীদের গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

