নিউজ ডেক্স:
জেনে নিন আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্কিত রেফারি কে এই লেতেক্সিয়ে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মিশরকে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রাতে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় রেফারিং বিতর্ক। ম্যাচ শেষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মিশরের হেড কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো। তাদের স্পষ্ট অভিযোগ রেফারির পক্ষপাতমূলক কিছু সিদ্ধান্তই ম্যাচের চূড়ান্ত ফলাফলে সরাসরি
প্রভাব ফেলেছে। মিশরের বিদায়ের পর ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের কেন্দ্রে থাকা এই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে অবশ্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বেশ পরিচিত ও হাই-প্রোফাইল একটি নাম। ১৯৮৯ সালের ২৩ এপ্রিল ফ্রান্সের ব্রিটানির বেদে শহরে জন্ম নেওয়া লেতেক্সিয়ের রেফারিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৬ সালের জানুয়ারিতে মাত্র ২৬ বছর বয়সে ফরাসি শীর্ষ স্তরের ফুটবল লিগ ওয়ান-এ রেফারি হিসেবে অভিষেক হয় তার এবং প্রথম মৌসুমেই সফলভাবে আটটি ম্যাচ পরিচালনা করেন। এর ঠিক এক বছর পর, ২০১৭ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান তিনি। পরবর্তীতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উয়েফার এলিট ক্যাটাগরির রেফারি প্যানেলেও জায়গা করে নেন এই ফরাসি। ইউরোপীয় ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে লেতেক্সিয়ের ঝুলিতে। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালের ইউরোপা লিগের ফাইনাল (ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড), ২০২৩ সালের উয়েফা সুপার কাপ (ম্যানচেস্টার সিটি বনাম সেভিয়া) এবং ইউরো ২০২৪-এর মহাগুরুত্বপূর্ণ ফাইনাল (স্পেন বনাম ইংল্যান্ড)। এছাড়া ২০২৫ সালে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও তিনি তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, যার মধ্যে অন্যতম ছিল ফ্লুমিনেন্সে ও চেলসির মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি। সুদীর্ঘ ক্যারিয়ারে লেতেক্সিয়ের নামের পাশে বড় কোনো বিতর্কের দাগ না থাকলেও, ২০২২ সালের অক্টোবরে ফরাসি লিগের নিস ও নঁতের মধ্যকার একটি ম্যাচে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। সেই ম্যাচে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর নঁতের পক্ষে একটি নিশ্চিত পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে তীব্র প্রশ্ন উঠেছিল। পরে অবশ্য ম্যাচের যোগ করা সময়ে নিসের পক্ষে একটি বিতর্কিত হ্যান্ডবলের পেনাল্টি দিয়েছিলেন তিনি। নাটকীয়তায় ভরা ওই ম্যাচে সাতটি হলুদ কার্ড দেখানোর পাশাপাশি নঁতের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেছিলেন লেতেক্সিয়ে। চলমান ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে আরও দুটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই ফরাসি রেফারি। সেই দুই ম্যাচে তিনি বেশ শান্তভাবেই ম্যাচ নিয়ন্ত্রণ করেন এবং মোট আটটি হলুদ কার্ড দেখালেও কোনো পেনাল্টি কিংবা লাল কার্ডের আশ্রয় নিতে হয়নি তাকে। তবে নকআউট পর্বে এসে মিশরীয় শিবিরের আনা গুরুতর অভিযোগের পর লেতেক্সিয়ের নামই এখন বৈশ্বিক ক্রীড়া মাধ্যমগুলোর প্রধান শিরোনাম।

