প্রতিবেদক: তারফদার মামুন
দেশের পাঁচ বিভাগে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। পাঁচটি বিভাগে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে—এমন পূর্বাভাস দিয়েছেন কানাডার University of Saskatchewan– এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশ্লেষণে তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব বাড়তে পারে। বিশেষ করে ভোর ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপম
াত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। কুয়াশা পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা গেছে—ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের প্রায় ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট বাদে অন্যান্য বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি থাকতে পারে। সূর্যের উপস্থিতি নিয়েও সতর্কতা দিয়েছেন গবেষকরা। বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে বাকি বিভাগগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুরের মধ্যে সূর্যের দেখা মিলতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং জানুয়ারিতে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। শীতের এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

