প্রতিবেদক: তারফদার মামুন
কমলগঞ্জে বসতবাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, এলাকাজুড়ে সতর্কতা
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার হওয়ায় এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশের একটি পুকুরসংলগ্ন স্থান থেকে গ্রেনেডটি পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই পুকুরে মাছ ধরার সময় গ্রে
নেডটি নজরে আসে। বিষয়টি না বুঝে সেটি পাশের জমির একটি খাদে ফেলে রাখা হয়। শনিবার সকালে মিন্নত আলী ঘাস কাটতে গিয়ে গ্রেনেডটি দেখতে পেয়ে বিষয়টি ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টানিয়ে স্থানটি সংরক্ষণ করে রাখে। স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি বহু পুরোনো—সম্ভবত মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ, ওই এলাকার নিকটবর্তী শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অবস্থান ছিল। সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়ে থাকতে পারে বলে স্থানীয়দের মত। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও একই গ্রাম থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে অবহিত করা হয়েছে এবং তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

