প্রতিবেদক: তারফদার মামুন
মুফতি রশিদুর রহমানের জুমার বয়ান: ভাতিজার পক্ষে ভোটের অঙ্গীকার, জনকল্যাণের তিন সুস্পষ্ট দাবি
মৌলভীবাজার প্রতিনিধি।। জুমার নামাজের পূর্ববর্তী বয়ানে মানবিক দায়িত্ব, নৈতিকতা ও জনকল্যাণের প্রশ্নকে সামনে এনে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান। তাঁর বক্তব্যে স্থানীয় রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। বয়ানে তিনি মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কারানির্যাতিত মজলুম মাওলানা শেখ নুরে আলম হামিদীকে উদ্দেশ করে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। প্রথম দাবিতে তিনি বলেন,
নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার গরিব ও অসহায় অন্তত ৫০টি পরিবারের বিয়ের দায়িত্ব গ্রহণ করতে হবে। দ্বিতীয় দাবিতে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, সংখ্যালঘু ও অসহায় মানুষের ন্যায্য অধিকার যেন শক্ত অবস্থান ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তৃতীয় দাবিতে তিনি বলেন, নির্বাচিত হলে জাতীয় সংসদের সকল সদস্যকে একদিন বরুণায় দাওয়াত দিতে হবে এবং সেই আয়োজনের মোট ব্যয়ের অর্ধেক তিনি নিজে বহন করবেন। বয়ানের শেষাংশে নিজের অবস্থান স্পষ্ট করে মুফতি রশিদুর রহমান বলেন, ভোট কারা কাকে দেবেন—এ সিদ্ধান্ত প্রত্যেকের ব্যক্তিগত। তবে তিনি নিজে তার ভোট ভাতিজাকেই দেবেন এবং দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন—ইনশাআল্লাহ, সে বিজয়ী হবে। এই জুমার বয়ানে উচ্চারিত বক্তব্য ও দাবিগুলো শুধু রাজনৈতিক সমর্থনের ঘোষণাই নয়; বরং জনকল্যাণ, সামাজিক দায়িত্ব ও নৈতিক নেতৃত্বের প্রশ্নে একটি স্পষ্ট বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।

