প্রতিবেদক: তারফদার মামুন
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়
মৌলভীবাজার প্রতিনিধি।। কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর কুলাউড়া উপজেলার একটি স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়। সভায় জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। জেলা আমীর ও মৌলভীবাজার–২ আসনের সংসদীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর উপ
স্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া কুলাউড়া উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, গণমাধ্যমের ভূমিকা ও আগামীর রাজনৈতিক ভাবনা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। আয়োজকেরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকেরা সভাটিকে প্রাণবন্ত ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।

